স্টাফ রিপোর্টার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। কতজন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও কী পরিমাণ চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন এবং কী ধরনের অবকাঠামো দরকার—এসব বিষয়ে সঠিক ও সার্বিক পরিকল্পনার ঘাটতি ছিল।
তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবতকালের সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
পদোন্নতি ও পদায়নে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি চিকিৎসকদের গবেষণায় আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এসব প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসতে হবে।
এ সময় রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতা-কর্মী ও তাঁর নিজের চিকিৎসায় আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সাক্ষাৎকালে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সব অংশীজনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





