স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ

গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র দাখিল; নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার


স্টাফ রিপোর্টার | ২৪ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

গুরুতর স্বাস্থ্যগত কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর কাছে পদত্যাগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

স্পিকারের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে রাষ্ট্রপতি বলেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, একাধিক জটিল রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এছাড়া তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে।

তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে, বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করেন।