১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ: ইশরাক

ঢাকা-৬ আসনে মতবিনিময় সভায় বিএনপি প্রার্থীর প্রত্যয়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি বাস্তবায়নের আশ্বাস

স্টাফ রিপোর্টার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের জনগণ আমাদের সরকার গঠনের ম্যান্ডেট দেবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএসসিসি মালিকানাধীন ধূপখোলা মাঠ মার্কেট নির্মাণাধীন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণজোয়ার বইছে। সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম, ময়মনসিংহ, উত্তরবঙ্গ হয়ে খুলনা ও যশোর—দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।

মার্কেট-সংক্রান্ত দাবির বিষয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির পর সংশ্লিষ্ট সমিতির দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করা হবে। বিদ্যমান আইন অনুযায়ী এবং অতীতে যারা এই মার্কেটের প্রকৃত মালিক ছিলেন, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পান—সে বিষয়টি নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকলে সে বিষয়ে মন্তব্য করা যায় না। তবে সব পক্ষকে নিয়ে এমন একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে উদ্যোগ নেওয়া হবে, যেখানে সকলের দাবি বিবেচনায় আসবে এবং সর্বোপরি জনগণের স্বার্থ রক্ষা পাবে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন—কেউ চা বিক্রি করছেন, কেউ রিকশা চালাচ্ছেন। এসব বিষয় তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আগামী দিনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করবেন।

এ সময় থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের পর আবারও মতবিনিময় সভা করে বিষয়গুলো চূড়ান্তভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।