স্টাফ রিপোর্টার, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী বলেছেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের জনগণ বিএনপিকে সরকার গঠনের ম্যান্ডেট দেবে।
সোমবার ডিএসসিসির মালিকানাধীন ধূপখোলা মাঠ মার্কেট নির্মাণে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সারা দেশে তারেক রহমানের নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম, ময়মনসিংহ, উত্তরবঙ্গ হয়ে খুলনা ও যশোর পর্যন্ত নির্বাচনী প্রচারণায় জনগণের অভূতপূর্ব সাড়া মিলছে বলে তিনি মন্তব্য করেন।
মার্কেট সংশ্লিষ্ট দাবির বিষয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির পর ক্ষতিগ্রস্ত মার্কেট সমিতির দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করা হবে। বিদ্যমান আইন অনুযায়ী প্রকৃত মালিকরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।
আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, যেসব বিষয় আদালতে বিচারাধীন, সে বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে এমন একটি সমাধানে পৌঁছাতে চান, যেখানে সবার দাবি বিবেচনায় আসবে এবং সর্বোপরি জনগণের স্বার্থ রক্ষা পাবে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, অনেক ব্যবসায়ী বর্তমানে চরম অর্থকষ্টে রয়েছেন। কেউ রিকশা চালাচ্ছেন, কেউ চা বিক্রি করছেন। এসব বিষয় তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং ভবিষ্যতে সমাধানে সর্বাত্মক চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এই সমস্যার একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধান করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারির পর আবারও মতবিনিময় সভা করে বিষয়গুলো চূড়ান্তভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।





