স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সংসদ গঠন করে দেশকে সুশাসন, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির পথে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, দেশের সামনে একটি নতুন সুযোগ এসেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে দেশকে নতুনভাবে গড়ে তোলার সময় এখন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমান অধিকার নিশ্চিত করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতীক নৌকা এবার নির্বাচনে থাকছে না। আন্দোলনের প্রেক্ষাপটে দলের প্রধান নেতৃত্ব দেশের বাইরে এবং নির্বাচন কমিশন দলটিকে অংশগ্রহণের সুযোগ দেয়নি বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে নির্বাচন করতে চায়। জনগণের ভোটের মাধ্যমে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার সময় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে সময় একটি রাজনৈতিক দল পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক। কাউকে সংখ্যালঘু হিসেবে দেখার সুযোগ নেই। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এই দেশ সবার পৈত্রিক ভূমি।
নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি ১৮ বছর শিক্ষকতা করেছেন এবং ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
তিনি জানান, ১৯৯১ সাল থেকে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন। ২০১৪ সালের নির্বাচন দল বর্জন করেছিল এবং ২০২৪ সালে তিনি কারাবন্দি থাকায় অংশ নিতে পারেননি।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, অতীতে যদি তার প্রতি আস্থা রেখে ভোট দিয়ে থাকেন এবং মনে করেন তিনি এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন, তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনকে গুরুত্ব না দিলে উন্নয়ন, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের সুযোগ বাধাগ্রস্ত হবে। তাই ভোটের দিন সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।





