২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা; নিবন্ধন শুরু ২৪ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার | ২১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি জানান, সৌদি সরকারের নতুন নীতিমালার আওতায় ২০২৭ সালের হজে আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু ও অন্যান্য সেবা সমন্বিত সার্ভিস প্যাকেজের মাধ্যমে পরিচালিত হবে। আগের চারটির পরিবর্তে এবার তিনটি সার্ভিস প্যাকেজ থাকবে এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৫ সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তা কমিয়ে ২০২৭ সালের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজি এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে সরকারি হজ প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এতে মক্কায় হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।

বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য নির্ধারিত সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। সরকার নির্ধারিত সেবার মানের নিচে কোনো বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও জানান ধর্মমন্ত্রী।

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা এবার অবস্থানরত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া সেখান থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ধর্মমন্ত্রী বলেন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে আড়াই লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। পরবর্তীতে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তিনি জানান, হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী ৮ এপ্রিল ২০২৭ থেকে হজযাত্রা শুরু হবে এবং ১৫ মে ২০২৭ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।