স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
দীর্ঘ ২১ বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
সফরকালে সিলেট বিভাগের তিন জেলায় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এসব সমাবেশে তিনি সিলেট ও সুনামগঞ্জের মোট ১১ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। এর মধ্যে সিলেট জেলার ছয়জন এবং সুনামগঞ্জ জেলার পাঁচজন প্রার্থী রয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দলটির নেতারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হতে যাচ্ছে এবারের সিলেটের সমাবেশ। সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী মাঠে নামছেন।
নেতাকর্মীদের মতে, মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, অন্যদিকে শুনতে চায় বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি। এই জনসভায় তারেক রহমান সংস্কারের লক্ষ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট বিভাগজুড়ে সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে নগরীর প্রধান সড়ক। বিভিন্ন এলাকায় স্বাগত মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশের মূল ভেন্যু আলিয়া মাদ্রাসার মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপি নেতারা জানিয়েছেন, সমাবেশের আগের রাত থেকেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী জনসভায় রূপ নেবে বলে তাদের প্রত্যাশা।
দলীয় নেতাদের মতে, দীর্ঘ সময় পর এমন স্বতঃস্ফূর্ত রাজনৈতিক পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ও সিলেট নিয়ে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও এই জনসভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।





