স্টাফ রিপোর্টার, ১০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই সরকার এই কর্মসূচি চালু করেছে।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে ১৪টি জায়গায় বা ১৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় ৩৭ হাজার নারী এই কর্মসূচির আওতায় এসেছেন। রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা—এই তিন এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে।
তারেক রহমান বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পর্যায়ক্রমে বাংলাদেশে যে চার কোটি পরিবার রয়েছে, সেই চার কোটি নারীপ্রধান পরিবারের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।”
সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করা হয়েছে।
তিনি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক। কারণ আপনাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের কাছে জবাবদিহি করা আমাদের দায়িত্ব।”





