স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এ লাইসেন্স প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট পার্সোনেল অথরাইজেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর মাধ্যমে দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিলের শেষ সপ্তাহেই এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, ফুয়েল লোডিং শুরুর কমপক্ষে তিন মাসের মধ্যেই প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসময় প্রকল্প সংশ্লিষ্ট এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





