স্টাফ রিপোর্টার, ৮ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, “সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতির চাদরে বিলীন হয়ে যাওয়া উচিত নয়। পেশাদারিত্বকে আচ্ছাদিত করতে রাজনীতির ছায়া ব্যবহার করা উচিত হবে না।”
তিনি আরও বলেন, ২০০৯ সালে পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর ফ্যাসিস্ট অপশক্তি বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল এবং তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করা হয়। এই স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহল করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও পিলখানা হত্যাযজ্ঞকে “শহীদ সেনা দিবস” বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব রয়েছে।
তারেক রহমান উল্লেখ করেন, “সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিটি প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।”
সভায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেছেন। এর মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনা আইনের কিছু বিধিমালার সংস্কার অন্তর্ভুক্ত। চেয়ারম্যান বলেন, এই সুপারিশগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
পরিশেষে তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সদস্যদের দাবি সমর্থন জানিয়ে বলেন, “ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন বাস্তবায়ন আমাদের লক্ষ্য।”





