স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় একটি সাংবিধানিক ও আইনি সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে জাতীয় সনদ ও গণভোটের মাধ্যমে সংস্কারের আদেশ এসেছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল—গণভোটে সংস্কারের পক্ষে রায় এলে নির্বাচিত সংসদ সদস্যরা একই অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন এবং একই কর্তৃপক্ষের কাছ থেকে শপথ গ্রহণ করবেন।
নাহিদ ইসলাম দাবি করেন, সংশ্লিষ্ট দলগুলো সেই আদেশে স্বাক্ষর করেছিল এবং গণভোটে অংশ নিয়েছিল। তাই এখন সংবিধানে বিষয়টি নেই—এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, গণভোট একটি বিশেষ আদেশের ভিত্তিতে হয়েছে এবং সেই আদেশ মেনেই নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ সম্পন্ন করে জনগণের কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের বর্তমান সরকারে যোগ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিলেন। এখন যদি খলিলুর রহমান সরকারে যুক্ত হন, তাহলে তার আগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কারচুপি ও ফলাফলে প্রভাব বিস্তারের মাধ্যমে একটি নির্দিষ্ট ফল নিশ্চিত করার চেষ্টা হয়েছে। খলিলুর রহমানের সরকারে যোগদান সেই প্রক্রিয়ার অংশ কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।





