পুলিশের উচ্চপর্যায়ে রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন

স্টাফ রিপোর্টার, ২২ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ পরিবর্তন কার্যকর হতে কিছু সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়।

এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। তার ভিত্তিতে আগামী ১২ মার্চ অধিবেশন শুরুর সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ এবং সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে সরকার অবগত হয়েছে। ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।