ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বিস্তৃত আলোচনা; নন-ট্যারিফ বাধা অপসারণ ও রপ্তানি বৈচিত্র্যের ওপর গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন।

আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠককালে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় করতে সরকার কাজ করবে।

তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে সরকার পদক্ষেপ নিচ্ছে। গত তিন বছর অর্থনীতি স্থবির ছিল এবং প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে উল্লেখ করে তিনি বলেন, দেশকে বিনিয়োগবান্ধব পরিবেশে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী সময়ে এর ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে চায়। নন-ট্যারিফ বাধা অপসারণে তিনি বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব অব্যাহত থাকবে। দ্বিপাক্ষিক বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান ও আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল উপস্থিত ছিলেন।