স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬ , নিউজ চ্যানেল বিডি
রমজানের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইসি মাছউদ বলেন, রমজান মাসের পরপরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। এর আগে যে উপ-নির্বাচনগুলো রয়েছে, সেগুলোর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত সময়েই সেগুলো অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে পুরো বছর, এমনকি একাধিক বছর ব্যস্ত থাকতে হবে।
নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন দায়বদ্ধ। তবে আইন প্রণয়ন কমিশনের কাজ নয়, এটি সংসদের এখতিয়ার। সংসদ যে আইন করবে, সেই আইনের আলোকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও মানসম্মত নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব।
চলমান উপ-নির্বাচন প্রসঙ্গে ইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে যে ঘাটতিগুলো ছিল, সেগুলো কমিশন খতিয়ে দেখবে।
এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনেরও অনুরোধ করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।





