২০ বছরের নির্যাতনেও বিএনপিকে দমাতে পারেনি শেখ হাসিনা: জ্বালানি মন্ত্রী টুকু

জ্বালানি সাশ্রয়ে রেশনিং চলবে, আপাতত দাম বাড়ছে না

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়েও বিএনপিকে দমাতে পারেনি শেখ হাসিনার সরকার। বরং মানুষের সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে।

রোববার কারাবরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে একসময় তারেক রহমানসহ দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু শত প্রলোভন ও চাপের মুখেও বিএনপির নেতাকর্মীরা মাথা নত করেননি।

তিনি বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে জনগণ পরিষ্কারভাবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে জ্বালানি মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যার প্রভাব জ্বালানি সরবরাহে পড়েছে। মধ্যপ্রাচ্য থেকেই বিশ্বে জ্বালানির বড় অংশ আসে, ফলে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি জানান, দেশে জ্বালানির মজুদ রয়েছে। তবে সাশ্রয়ী ব্যবহারের জন্য সরকার রেশনিং পদ্ধতি চালু রেখেছে। ইতোমধ্যে নতুন তেলবাহী জাহাজও দেশে পৌঁছাতে শুরু করেছে, ফলে মজুদ আরও বাড়বে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাশাপাশি ইফতার, তারাবি ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান ও কালোবাজারি রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সরকারের কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।