স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর সচিবালয়ের সামনে সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে সচিবালয়ের কাভারেজ শেষে অফিসে ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, সচিবালয়ের সামনে ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
ঘটনার সময় পরিস্থিতি ধারণ করতে গেলে সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমানের ওপরও হামলে পড়েন ওই ব্যক্তি বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
সাংবাদিকদের দাবি, বিনা কারণে ভয়ভীতি দেখানো, মব তৈরি করার চেষ্টা এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।





