স্টাফ রিপোর্টার, ১০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এখন থেকে মহানগর এলাকায় রাইড শেয়ারিংয়ে যুক্ত মোটরসাইকেল চালকরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন।
মঙ্গলবার বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এই সুবিধা শুধুমাত্র মহানগর এলাকায় কার্যকর হবে।
জ্বালানি তেল সরবরাহ গ্রহণের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে বিপিসি।
প্রথমত, ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেল রাইড শেয়ার চালককে তেলের ধরন, পরিমাণ এবং মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে।
দ্বিতীয়ত, প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় আগের ক্রয়ের রশিদ বা বিলের মূল কপি ফিলিং স্টেশনে জমা দিতে হবে।
তৃতীয়ত, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে যাচাই করে তারপর জ্বালানি সরবরাহ করা হবে।
এই নির্দেশনার মাধ্যমে রাইড শেয়ার চালকদের জন্য জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।





