স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। ফুয়েল লোডিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
তিনি আরও বলেন, পরীক্ষামূলক উৎপাদনের শুরু থেকেই এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ প্রথম ইউনিটের পুরো ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ করা সম্ভব হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, জ্বালানি খাতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। রাশিয়া থেকে তেল, গ্যাস ও এলএনজি আমদানির সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, রাশিয়াও বাংলাদেশকে তেল-গ্যাস রপ্তানিতে আগ্রহী। তবে এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের ওয়েভারের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে।
মন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে এবং তারাও এ ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার যৌথ সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পটি দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। প্রকল্পটির প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।





