স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসের মধ্যেই এ বিষয়ে অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই বৈঠকগুলোতে বিষয়টি আলোচনা হয়েছে।’
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে এবং যেগুলোর বিচার বা সাজা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে।
সম্পর্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ রাজনীতি





