এক মাসে ঢাকার যানজট কমাতে সরকারের বিশেষ উদ্যোগ, অটোমেশনসহ ৭ সিদ্ধান্তস্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়নের রোডম্যাপ

স্টাফ রিপোর্টার, ২৫ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি। রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য…

স্টাফ রিপোর্টার, ২৫ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

বৈঠকের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হলে এপ্রিলের শেষ নাগাদ ঢাকার যানজট অনেকটা নিরসন করা সম্ভব হবে। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করলে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হবে।

মাসের মধ্যে দৃশ্যমান উন্নতির নির্দেশ

ঢাকার যানজট নিরসনে বৈঠকে নেওয়া হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—

১. ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা হবে।
২. শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে।
৩. যত্রতত্র থাকা বাস কাউন্টার সরিয়ে পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থাপন করা হবে। এসব টার্মিনাল শুধু সিটি সার্ভিসে ব্যবহার হবে।
৪. রাস্তার দু’পাশের সড়ক দখলমুক্ত করা হবে এবং রাস্তার মাঝে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা হবে।
৫. ঢাকা শহরের ভেতরে লেভেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থা বজায় রেখে অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে।
৬. সিটি বাসকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) এর আওতায় আনা হবে।
৭. অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে এবং হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট বসানো হবে।

যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঢাকার যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি আনার চেষ্টা করা হবে। এ বিষয়ে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা।

এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সচিবালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।