স্টাফ রিপোর্টার, ২৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশে সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার (২৮ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর প্রেক্ষিতে দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে এবং বিকেল ৩টায় তা শেষ হবে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিলাররা তেল সংগ্রহ করতে পারতেন।
বিপিসির নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অধীনস্থ তিনটি বিপণন কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পাশাপাশি জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সারাদেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।





