জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা, দ্রুত চালুর নির্দেশ

স্টাফ রিপোর্টার, ২৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুত সেবাটি চালুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ফ্লোরগুলো পরিদর্শন করেন। তিনি সেখানে সংস্কার করে গড়ে তোলা অত্যাধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সেবাটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা চালু হলে গুরুতর রোগীদের চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।

এ সময় হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইসিইউ ইউনিট চালুর প্রস্তুতি সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে অবহিত করেন।