স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অসদাচরণের মতো গুরুতর অভিযোগের কারণে পদত্যাগ করেছেন মো. রেজাউল হাসান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-এ লিখিত অভিযোগ জমা পড়ে। কে এম মজিবুল হক বাদী হয়ে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই আবেদন করেন। আবেদনে অভিযোগগুলো তদন্তের অনুরোধ জানিয়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগে বাতিল হয়ে যায়।
অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলে অভিযোগ রয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
আইনি মহলের মতে, অভিযোগের তদন্ত চলাকালীন বা শুরুর মুখে বিচারপতির এই পদত্যাগ বিচারিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। উচ্চ আদালতের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





