আধুনিক চিকিৎসাসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

হৃদরোগ চিকিৎসায় প্রযুক্তি ও জনসচেতনতায় জোর


স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার ঢাকায় আন্তর্জাতিক হার্ট ফেলিওর (হৃদযন্ত্রের অকার্যকারিতা) বিষয়ে উন্নত চিকিৎসা সম্মেলন ও বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু চিকিৎসা নয়—দেশের মানুষের সার্বিক উন্নয়নে জনসচেতনতা গড়ে তুলতেও সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শফিউদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যসহ দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসকরা অংশ নেন।

মন্ত্রী দেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায়, সে লক্ষ্যে দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এতে রোগীর আস্থা বাড়বে এবং চিকিৎসকদের প্রতি মানুষের নির্ভরতা আরও শক্তিশালী হবে।

তিনি আরও জানান, দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তুলতে সরকার বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত গৌরবের। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য। সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দরিদ্র মানুষও কম খরচে উন্নত হার্টের চিকিৎসা পাবে।

দিনব্যাপী বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা ও বিশেষজ্ঞদের বক্তব্যে দেশে হৃদরোগ চিকিৎসায় উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।