শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সফল, চিকিৎসা তদারকিতে প্রতিনিধি দল পাঠানো

স্টাফ রিপোর্টার, ৩১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) ভর্তি হন।

গত ৩০ মার্চ তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শহীদ মীর মুগ্ধের পিতার অসুস্থতার খবর জানার পর তারেক রহমান চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ ৩১ মার্চ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। প্রতিনিধি দলটি মীর মোস্তাফিজুর রহমানের সার্বিক চিকিৎসার তদারকি করে এবং তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

এ সময় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান তারেক রহমানের জন্য দোয়া করেন। এছাড়া মুগ্ধের বড় ভাই দিপ্ত চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ, অপু দেবনাথসহ অন্যান্যরা।

উল্লেখ্য, তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।