স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আগামী রোববার থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে দেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটি জাতীয় জরুরি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে টিকা সংগ্রহ ও সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে টিকা ক্রয়ের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।
সাখাওয়াত হোসেন বলেন, টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর ও শয্যাও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, হামে আক্রান্ত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান শুরু হবে এবং ইউনিসেফের সহায়তায় টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কর্মসূচির সময়সীমা সম্পর্কে তিনি বলেন, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
হাম পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু শিশুর মৃত্যু হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। চিকিৎসা সেবা জোরদারে আইসিইউ বেড বৃদ্ধি, নতুন সুবিধা চালু এবং চিকিৎসক-নার্স নিয়োগ করা হয়েছে।
এ সময় স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং জনগণকে আতঙ্কিত না হয়ে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের পরামর্শ দেন।





