চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

সদরঘাটে যৌথ অভিযানে উদ্ধার, অবৈধ মজুত ও চোরাচালান রোধে সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দেশের স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুত ও চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের অপরাধ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধও জানানো হয়েছে।

এরই মধ্যে চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি ট্যাংকারে অবৈধভাবে এসব ডিজেল মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাংকারটি থেকে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি মজুত ও চোরাচালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জ্বালানি সংক্রান্ত যেকোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এতে অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধ করা সহজ হবে।