স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজশাহীর অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই” শীর্ষক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে টুলি বেগমের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
প্রতিনিধি দলটি টুলি বেগম ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি টুলি বেগমকে নতুন একটি অটোরিকশা উপহার দেওয়া হয় এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই” শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল অসহায় মোছা: টুলি বেগমের পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেয়।





