১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ জন কৃষকের হাতে কার্ড তুলে দেবেন, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু



স্টাফ রিপোর্টার | ০৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল থেকে এই কর্মসূচির উদ্বোধন জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি কৃষক কার্ডকে কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার বিকেলে শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।