স্টাফ রিপোর্টার | ৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর তেজগাঁও কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মাধ্যমে বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর সিইও আহসান খান চৌধুরী, এপেক্স গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুরসহ শীর্ষ স্থানীয় নয়জন ব্যবসায়ী।
সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পাশাপাশি ইকবাল হাসান মাহমুদ এবং অর্থমন্ত্রীও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতির অবনতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত এক বছরে দেশে বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ না হওয়ায় তা কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ সংকটের বিষয়টি বারবার আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি বিভাগের পক্ষ থেকে প্রায় ১৭ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার একটি প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে, যা নিয়ে বিকেলে আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠক সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে বিস্তারিত ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।





