ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

ইস্টার সানডে অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান

স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সব ধরনের বিভেদ ও হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রোববার সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিয়ে ভালোবাসা ও সৌহার্দ্যকে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের পাশাপাশি সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সহাবস্থান করছে এবং সবাই এ দেশের অবিচ্ছেদ্য অংশ।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সব কাজ সবাইকে সঙ্গে নিয়েই সম্পন্ন করতে হবে।

দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সংকট তৈরি হলেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও আতঙ্কে কিছু মানুষ বারবার তেল সংগ্রহ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে এবং এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সত্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।