স্টাফ রিপোর্টার | ১৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।
আজ সোমবার রাজধানীর রমনার বটমূল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি জানান, বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র্যাবের ১৫টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয় থাকবে।
তিনি বলেন, নিরাপত্তা জোরদারে ১৮১টি পিকআপ টহল, ১২৭টি মোটরসাইকেল টহলসহ মোট ৩০৮টি টহল মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারিও জোরদার করা হয়েছে।
নববর্ষ উপলক্ষ্যে রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি এবং রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।
দেশব্যাপী নিরাপত্তা তদারকিতে র্যাবের কন্ট্রোল রুম, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং চালু থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক ফোর্স ও রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে। নাশকতা প্রতিরোধে র্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিমও প্রস্তুত রয়েছে।
র্যাব সদর দপ্তরের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে বলেও জানান তিনি। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি না হয়।
এছাড়া নারী নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইভটিজিং বা যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যদের জানানোর আহ্বান জানানো হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে। এ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।





