স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
টাঙ্গাইলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের মাধ্যমে কৃষকদের হাতে প্রণোদনার অর্থ পৌঁছানো শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া সফরের অংশ হিসেবে তিনি টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।
‘কৃষক কার্ড’ বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচিও চালু করেছে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ‘কৃষক কার্ড’ পাবেন।
এই কার্ডের মাধ্যমে উপকারভোগী কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন বলে তিনি জানান।





