স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঝিনাইদহের শৈলকূপায় কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে শৈলকূপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, কৃষকদের সরাসরি সহায়তা ও সেবা নিশ্চিত করতে স্বচ্ছ প্রক্রিয়ায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ রাখা হয়নি।
বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে শৈলকূপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।





