হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী হেলাল ৩ দিনের রিমান্ডে

অস্ত্রের উৎস ও সরবরাহ চক্র খতিয়ে দেখছে সিআইডি

স্টাফ রিপোর্টার, ১৫ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী ও অস্ত্র ব্যবসায়ী মো. মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং আদালতে তিনি কোনো বক্তব্য দেননি।

তদন্তে জানা গেছে, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয় এবং ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে ঘটনাস্থলের গুলিগুলো ওই অস্ত্র থেকেই ছোড়া হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে আমদানি করা অস্ত্রটি প্রথমে রাজধানীর একটি অস্ত্রের দোকান থেকে বিক্রি হয়ে পরে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হেলালের কাছে পৌঁছায়। এরপর সেই অস্ত্র কীভাবে মূল আসামিদের হাতে গেছে, সেটিই এখন তদন্তের মূল প্রশ্ন।

আরও জানা গেছে, অস্ত্রটির লাইসেন্স মূলত হেলালের বাবার নামে ছিল, যা পরে তার নামে হস্তান্তর করা হয়। তবে ২০১৪ সালের পর লাইসেন্সটি আর নবায়ন করা হয়নি। নবায়ন ছাড়া অস্ত্র কেনার বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রিমান্ডে হেলালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রের উৎস, সরবরাহ চক্র এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।