স্টাফ রিপোর্টার | ১৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।
এই সফরে তিনি তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফর করবেন। সফরকালে তিনি ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের শুরুতে ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠিতব্য ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নেবেন তিনি।
তিন দিনের এই ফোরাম শেষে তিনি বেলজিয়ামের ব্রাসেলস যাবেন। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।
সফর শেষে দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। আগামী ২৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।





