স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অর্জন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন মাহদী আমিন।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার দুই মাস পূর্ণ করেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করছে।
তিনি দাবি করেন, দীর্ঘ সময়ের দমন-পীড়নের অধ্যায় অতিক্রম করে দেশ এখন নতুন পথে এগিয়ে যাচ্ছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অর্জিত বিজয় দেশি-বিদেশি মহলে প্রশংসিত হয়েছে।
সরকারের কর্মপরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ১৮০ দিনের একটি কর্মসূচির আওতায় বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা চালু করা হয়েছে এবং ক্ষুদ্র কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে।
অবকাঠামো উন্নয়নে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ভর্তুকি ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিদ্যুৎ খাতে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ যুক্ত হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদাতাদের সম্মানী প্রদান, প্রবাসী কার্ড চালু, হজ খরচ কমানো এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা, ভর্তি ফি বাতিল এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা চালুর কথাও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে বিভিন্ন বাধা দূর করা হচ্ছে।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় ব্যয় হ্রাসে প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং মন্ত্রীদের জন্যও ব্যয় সংযমের নীতি কার্যকর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবু আবদুল্লাহ এম ছালেহ, মাহফুজুর রহমান, আতিকুর রহমান রুমন, জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা।
সরকার জনগণের আস্থা ফিরিয়ে এনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।





