হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা যাবে না’—কঠোর অবস্থানের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালীর ইস্যু ব্যবহার করে কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।

শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউস-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা আবারও প্রণালী বন্ধ করার চেষ্টা করেছে। বহু বছর ধরেই তারা এমনটি করে আসছে, কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।”

তিনি আরও জানান, ইরান ইস্যুতে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান বজায় রেখেছে।

এর আগে ইরানের সামরিক বাহিনী ঘোষণা দেয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

উল্লেখ্য, এর আগের দিনই ইরান জানিয়েছিল যে প্রণালীটি খোলা রয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ওঠানামা সৃষ্টি করে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে এমন অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করছে, বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে।