স্থিতিশীলতা নষ্টকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানালেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ২৪ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যে-ই হোক, আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে না।

অর্থমন্ত্রী বলেন, “আমরা একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে চলছি। বাংলাদেশে এই পথে যারা বাধা সৃষ্টি করবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি দুইটি দলের পাল্টাপাল্টি অবস্থান ও সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, সমাজে সবসময় কিছু উশৃঙ্খল ব্যক্তি থাকে। এটিকে কোনো নির্দিষ্ট দলের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, “এগুলো সমাজে কিছু উশৃঙ্খল মানুষের কাজ। দল বলে কিছু নয়। সবসময় কিছু উশৃঙ্খল ব্যক্তি সমাজে থাকবে। এদেরকে বাংলাদেশের আইনই মোকাবিলা করবে। আপনার নিশ্চিন্ত থাকতে হবে, আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নেই।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয়করণের বিষয়ে অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেন, শিক্ষাঙ্গনে বাইরের কারও প্রবেশ বা রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকা উচিত নয়।

তিনি বলেন, “ইউনিভার্সিটিতে আমি একটু আগে বক্তব্যে বলেছি, বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করবে। এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই।”

তিনি জানান, সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।