কলেজ ছাত্রের তৈরি গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় প্রযুক্তিতে তৈরি রেসিং কারে আগ্রহ, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার বার্তা


স্টাফ রিপোর্টার | ২৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজ ছাত্র রিজওয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন।

আজ দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নিজে গো-কার্টটি পরিদর্শন করেন। একপর্যায়ে তরুণ উদ্ভাবককে অনুপ্রাণিত করতে তিনি নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

জানা যায়, কলেজ ছাত্র রিজওয়ান রশীদ এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট তৈরি করেন। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই রেসিং কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে নির্মিত।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তরুণ উদ্ভাবকদের প্রতি সরকারের ইতিবাচক মনোভাব এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নে উৎসাহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।