ভারতের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত, ১৪ বছর পর এশিয়ান বীচ গেমসে পদক বাংলাদেশের

নারী কাবাডির সেমিফাইনালে ৫০-৩১ ব্যবধানে হার; ২০১২ সালের পর আবারও মঞ্চে বাংলাদেশের প্রত্যাবর্তন



স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

এশিয়ান বীচ গেমস-এ নারী কাবাডির সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেলেও বড় এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক পুনরুদ্ধার করেছে বাংলাদেশের মেয়েরা।

২০১২ সালের পর এই প্রথমবারের মতো এশিয়ান বীচ গেমসের কাবাডিতে পদক জিতল বাংলাদেশ।

চীনের সানিয়াতে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী ভারতর বিপক্ষে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অংশ নেওয়ায় নিশ্চিত হয়েছে ব্রোঞ্জ পদক।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ভারত ২২ এবং বাংলাদেশ ১৫। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল দলটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের দুর্বলতায় ব্যবধান দ্রুত বাড়িয়ে নেয় ভারত। অভিজ্ঞ রেইডারদের ধারাবাহিক পয়েন্টে শেষ পর্যন্ত ৫০-৩১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

সেমিফাইনালে হারলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। র‌্যাংকিংয়ে তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করেছে নারী দলটি।

গ্রুপ পর্বে থাইল্যান্ড ও চাইনিজ তাইপের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে নেপালের কাছে ৩৬-৩৮ পয়েন্টে হেরে যায় তারা।

বিদেশের মাটিতে এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হার সত্ত্বেও লড়াকু মানসিকতা এবং ব্রোঞ্জ পদকই এখন দলের বড় প্রাপ্তি।