স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রী ও বিশেষ দূত সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাপানি প্রতিনিধি দল বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া জাপানে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ জনবল পাঠানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। জাপানি প্রতিনিধিরা এ প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেন।
বৈঠকে জাপানের সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জাপান রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের কথাও জানায়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর জোর দেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষি ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি উপস্থিত ছিলেন।





