রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান, তীব্র সমালোচনা নাহিদ ইসলামের



স্টাফ রিপোর্টার | ৩০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন। তার বঙ্গভবনে থাকা বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

সংসদে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, তিনি রাষ্ট্রপতির ভাষণ শোনেননি বা পড়েননি এবং সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, রাষ্ট্রপতির আর কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের।

তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অতীত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তার ভাষায়, দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদ্মা সেতু-সংক্রান্ত বিতর্ক এবং শেখ হাসিনা সরকারের সময়কার বিভিন্ন মামলার প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি অতীতে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলেন এবং দেশের আর্থিক খাতসহ বিভিন্ন বিষয়ে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ।

সংসদে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “এই রাষ্ট্রপতিকে আমরা প্রত্যাখ্যান করছি।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পূর্বে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হলেও এখন কেন তাকে অপসারণ করা হচ্ছে না।