সংসদে প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদ পরিদর্শন, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী



স্টাফ রিপোর্টার | ৩০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শনে আসেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে আসেন এবং শপথ কক্ষে আসন গ্রহণ করেন। সেখানে সংসদের স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, তিনি নিজেও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভাই আরাফাত রহমান কোকো-ও একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান। পরে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলেন।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে সংসদে শিশুদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছেন।

এদিন সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে শিক্ষামন্ত্রীর মাধ্যমে তার প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়।