স্টাফ রিপোর্টার | ২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৬ দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ শুক্রবার রাত ১০টায় কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি চালু করা হয়। রাত সাড়ে ৮টা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে চালু হওয়া ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
এর আগে গত ২৫ এপ্রিল ইউনিটটির বয়লারের পাইপ ফেটে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
পার্বতীপুরের কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা নিয়ে চালু হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট যুক্ত করা হয়। তবে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারেনি।
কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, বর্তমানে বন্ধ থাকা দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলছে। ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ১৫ মে’র মধ্যে তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।
এর আগে একাধিকবার যান্ত্রিক ত্রুটি ও বয়লারে পাথর ঢুকে যাওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।





