✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের খাদ্য কর্মসূচি ঘোষণা

বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কৃষকদের পাশে সরকার


স্টাফ রিপোর্টার | ৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসব্যাপী খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, হাওরের বিস্তীর্ণ এলাকার ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের সংকট লাঘবে সরকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকাভুক্তদের বিশেষ কার্ডের আওতায় এনে মাসভিত্তিক খাদ্য সহায়তা প্রদান করা হবে। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরপ্রবণ জেলাগুলো এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রী জানান, আগামী ৬ মে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এদিকে একই অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসচ্ছল পরিবারের মধ্যে জীবিকা সহায়তার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল দোকানের মালামাল, ভ্যানগাড়ি, গবাদিপশু ও সেলাই মেশিন।