স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।
বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নব-নির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিন রাতে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
এর আগে, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে উপস্থিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। প্রকাশিত গেজেট অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো।





