পুলিশকে আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তোলার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌক্তিক দাবি পূরণ, ওভারটাইম ভাতা ও পদোন্নতির বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান

স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করেও পদোন্নতি ছাড়াই অবসরে যান। এ পরিস্থিতি বিবেচনায় বিশেষ নীতিমালার আওতায় চাকরির সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে অবসরের সময় কিছু সংখ্যক সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।

পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকার ভাবছে।

তিনি বলেন, “ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে। এতে তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নত হবে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে। পাশাপাশি নতুন উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত দুই মাসে দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে অপরাধের ধরন বদলে গেছে। তাই সাইবার ক্রাইমসহ আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণ বাড়ানো জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ‘মব কালচার’ পুরোপুরি বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন করে আরও কার্যকর করা হবে বলেও জানান তিনি।

সবশেষে পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।