অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের সমান প্রয়োগের আহ্বান

স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

তিনি বলেন, “দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে অনেক সময় আপনাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয়। আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্যই সমান।”

প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস করতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

প্রযুক্তির কারণে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ বৈশ্বিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রতিটি পুলিশ কর্মকর্তাকে বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা উচিত নয়। দায়িত্ব যেখানে দেওয়া হবে, সেটি গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার এমন একটি পুলিশ প্রশাসন চায় যেটি হবে জনবান্ধব এবং জনগণের আস্থাভাজন।” তিনি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আইনগত ও মানবিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।

সরকার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি একেএম আউলাদ হোসেন-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য ছিল— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।”