স্টাফ রিপোর্টার, ১৪ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্ট কনফেডারেশনের (ডব্লিউইসি) প্রেসিডেন্ট নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গত ১২ মে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলার উন্নয়ন ও প্রসার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ক্রীড়া বিশ্বে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার পাশাপাশি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে দেশীয় খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
এ সময় দেশীয় খেলাগুলোকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।
ওয়ার্ল্ড এথনোস্পোর্ট কনফেডারেশনের প্রেসিডেন্ট নেজমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়া খাতের অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি এথনোস্পোর্টের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে অভিজ্ঞতা বিনিময়ে তার সংগঠন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সফরকালে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন নেজমেদ্দিন বিলাল এরদোয়ান।
প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতে দুই দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।





